মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্ক করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফরের মালিকানাধীন বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত। যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় এবং মালিক অসুস্থ থাকায় তিন-চার দিন আগে বাসটি ঢাকা থেকে এনে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করে রাখা হয়েছিল। শনিবার রাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন। পরে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন জানান, রাত ১২টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে তাদের দুটি দল ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এ নাশকতা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি জেলাজুড়ে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।