বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে ভারতেরই ক্ষতি হবে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ প্রতিবেদক: ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং ভারতেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না। মূলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাওয়ার উদ্দেশ্যে এবং সেখানকার কিছু গণমাধ্যম বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে না বলে প্রত্যাশা করি। ভারত একটি বৃহৎ দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্কই রাখা উচিত। ভারত যদি সেটা না করে এটা ভালো লক্ষণ নয়। ভারত সরকার যদি গায়ে পড়ে ১৮ কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে তবে তারা ভালো থাকতে পারবে না।

দেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পেছনে শ্রমিকদের কোনো দোষ নেই। এর পেছনে যারা ষড়যন্ত্র করছে সরকার তাদের চিহ্নিত করেছে। তবে অধিকাংশ গার্মেন্টস ঋণ খেলাপির কারণে বন্ধ হয়েছে। এ ব্যাপারে সরকার আগামী সপ্তাহের মধ্যেই যথাযথ সিদ্ধান্ত নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button