‘খেলাধুলাই তরুণ প্রজন্মকে খারাপ দিক থেকে দূরে রাখতে পারবে’

জেলা প্রতিনিধি,  রাঙামাটি: বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্ম খেলাধুলার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখলে অনেক খারাপ দিক থেকে দূরে রাখতে পারবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে আইকনিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, খেলাধুলা নিয়ে সিরিয়াস হওয়া ভালো, তবে খেয়াল রাখতে হবে যে, খেলাধুলা নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা ঝামেলা সৃষ্টি না হয়। খেলাধুলাকে খেলাধুলা হিসেবেই রাখতে হবে তাহলেই সফলতা, তাহলেই সার্থকতা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটি সার্কেলের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট উপ-পরিষদের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. শুক্কুরসহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকনিক ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. সালাউদ্দিন।

টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। যার মধ্যে তবলছড়ি এলাকার ফ্রেন্ডস ২২ এবং কলেজ গেইট এলাকার কলেজ গেইট কিংস ফাইনালে মুখোমুখি হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস ২২ এবং রানার্স আপ হয় কলেজ গেট কিংস। খেলা শেষে বিজয়ী দলকে নগদ ৩৫ হাজার টাকার চেক এবং চ্যাম্পিয়নস ট্রফি ও রানার্স আপ দলকে নগদ ২০ হাজার টাকার চেক ও রানার্স আপ ট্রফি তুলে দেন অতিথিরা। এছাড়াও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল ও সম্মাননা সনদপত্র তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা৷

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য নিশু সাহা বলেন, রাঙামাটির তরুণ সমাজকে মাঠমুখি করার জন্যই আমাদের এমন আয়োজন। আমাদের আয়োজনে জেলা প্রশাসন, রাঙামাটি জোন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি অংশগ্রহণকারী সবগুলো দলকে। আগামীতেও এই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানান এই আয়োজক।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button