দুর্নীতির কারণেই সরকারি প্রকল্প লোকসানে— উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রতিনিধি।মোঃ পাপের মিয়া:  সমাজকল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার পেছনে একমাত্র কারণ হলো দুর্নীতি ও অব্যবস্থাপনা। তিনি বলেন, অন্তর্বতীকালীন সরকার আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে যাদু দিয়ে সব কিছু ঠিক করে ফেলব।

মঙ্গলবার (৭ অক্টোবর)  দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, আমাদের সময় ও কাজের সীমাবদ্ধতা বুঝতে হবে। আমরা যেখানে হাত দেই সেখানেই দুর্নীতির চিত্র দেখি। পোকা-মাকড়ের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই সমস্যা শুধু গত ১৬ বছরের নয়, শত বছরের পুরোনো।

চলতি অর্থবছরে টঙ্গীর মৈত্রী শিল্পে ২২ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যদি সময় পাই, তবে এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানকে মুনাফায় নিয়ে আসব। না হলে ২২ কোটি টাকার এই বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button