

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২ জানুয়ারি ২০২৬
রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাহারিম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
নিহত তাহারিম ঝালকাঠি জেলার সদর থানার দিরাকাটি এলাকার মো. হাফিজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী মো. সাব্বির হোসেনের সঙ্গে ধানমন্ডির ওই কোয়ার্টারে থাকতেন।
তাহারিমের স্বামী সাব্বির হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে ঘটনার আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তাহারিম নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাব্বিরের দাবি, তাহারিম অত্যন্ত রাগী প্রকৃতির ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট হাজারীবাগ থানাকে জানানো হয়েছে। পুলিশ মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ করছে।




