গরম কমার আভাস, ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তীব্র গরমের পর ঢাকার আবহাওয়া নিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুরের মধ্যেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বজ্রসহ বৃষ্টি নামতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস বইতে পারে, যা দমকা আকারে ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ। গতকাল বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এই বৃষ্টির ফলে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button