

জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া ): শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির অদূরে একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিশাত ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুরে চিপস কেনার কথা বলে ঘর থেকে বের হয় নিশাত। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিশাতের চাচা আবুল বাশার বশির জানান, শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে একটি সন্দেহভাজন বস্তা দেখতে পান। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে নিশাতের পরনের কাপড় দেখে মরদেহটি শনাক্ত করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ, ডিবি, র্যাব ও পিবিআই-এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
নিহত শিশুর পরিবার ও গ্রামবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




