

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজানের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ। শিক্ষা ও মানবিক সেবার মেলবন্ধনে এই আলোচনাটি অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ এপ্রিল) ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ড. শেখ আসিফ এস. মিজান সংস্থাটির কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান জনাব মহি উদ্দিন আমিন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবীর এবং সংস্থার প্রকল্প উপদেষ্টা মো. নিয়ামত আলী। তাঁরা মাননীয় উপাচার্যকে বিশেষ সম্মাননা প্রদান করেন।
সভায় বক্তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষা, উন্নত চিকিৎসা গবেষণা এবং বিশ্বব্যাপী ক্যান্সার সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় কালে ড. আসিফ মিজান ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন “ক্যান্সারের মতো মরণব্যাধি মোকাবিলায় সচেতনতা এবং গবেষণার কোনো বিকল্প নেই। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির এই উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতে আমরা বড় পরিসরে যৌথভাবে কাজ করার প্রত্যাশা রাখি।”
উভয় পক্ষই শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে ভবিষ্যতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।




