রাজধানীতে স্বস্তির বৃষ্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক:  কয়েকদিনের ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বিকেল ৫টার পর রাজধানীর গুলশান-বারিধারাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি শুরু হয়।

এর আগে আজ দুপুরের পর থেকে ঢাকার আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে আকাশ ঘন কালো হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। বিকেলেই যেন নেমে আসে সন্ধ্যা। রাস্তার পাশের দোকান-পাটে লাইট জ্বলে ওঠে। সড়কে চলমান গাড়িগুলোকেও লাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

বেশ কিছুক্ষণ এ অবস্থায় থাকার পর শুরু হয় বৃষ্টি। শুরুতে অল্প থাকলেও অল্পকিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকানো ও কিছু বজ্রপাতের ঘটনাও ঘটতে থাকে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। এসব এলাকায় সড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। তীব্র গরমে দুর্ভোগ ছিল চরমে। আজ বৃষ্টির পর কিছুটা স্বস্তি নেমে এসেছে জনজীবনে।

এর আগে, দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা জানিয়েছিল আবহাওয়া অফিস। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছিল।

আবহাওয়া অফিসের বার্তায় বলা হয়, রোববার দুপুরের পর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button