সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ধর্মীয় অধিকার কারও করুণা বা অনুগ্রহের বিষয় নয়, এটি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের মূল পরিচয় হলো ‘বাংলাদেশি’। তাই ধর্ম বা গোত্রের ভিত্তিতে কোনো বিভাজনের সুযোগ নেই। ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কারো আধিপত্য প্রতিষ্ঠা কাম্য নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সবার জন্য স্বাধীন ও নিরাপদ ধর্মীয় চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে।

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সরকারি ছুটি ও বরাদ্দ বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, উৎসবের সময় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা, সড়ক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎসহ প্রয়োজনীয় সেবা সচল রাখতে সব দপ্তরের সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। একইসঙ্গে নিজ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার্থে স্থায়ী পূজামণ্ডপ নির্মাণে উপযুক্ত সরকারি জমি চিহ্নিতকরণ ও বরাদ্দের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি।