জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় 'গ্লোবাল শিল্ড' কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তীতে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থায়নের সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত এই পুরো অর্থই অনুদান, কোনো ঋণ নয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
সংবাদ সম্মেলনে ড. সাইমুম পারভেজ জানান, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল শিল্ডের কাছে এই অর্থায়ন সহায়তার আবেদন জমা দিয়েছিল। জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করে সবুজ ও টেকসই উন্নয়নে তাঁর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়।’
জি-৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে 'গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস' কর্মসূচিটি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এই কর্মসূচির আওতায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন এবং তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের উন্নয়ন ঘটানো হবে। পাশাপাশি কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা ও অন্যান্য আর্থিক সুরক্ষা সম্প্রসারণ এবং দুর্যোগের পূর্বাভাসের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে। দেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে, যা উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবিকা রক্ষায় দীর্ঘমেয়াদি সুরক্ষা কাঠামো তৈরি করবে।
সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইআরডির অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু, সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক সারা জেন আহমেদসহ জলবায়ু বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।