ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প প্রস্তুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে 'ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেট'-এর চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে ড. সাইমুম পারভেজ সদস্যদেশগুলোর অভিজ্ঞতা বিনিময়, বন পুনরুদ্ধার ও কার্বন পর্যবেক্ষণে অভিন্ন পদ্ধতি তৈরি এবং যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন। তিনি বলেন, সদস্যদেশগুলোর অভিজ্ঞতাকে এমন যৌথ প্রকল্পে রূপ দিতে হবে, যা উপকূল রক্ষা করবে এবং ম্যানগ্রোভনির্ভর মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাবে।

বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুন্দরবন জলোচ্ছ্বাসের প্রভাব কমায়, মাছের প্রজনন ও বেড়ে ওঠার আবাসস্থল হিসেবে কাজ করে এবং গাছ ও মাটিতে বিপুল পরিমাণ কার্বন সঞ্চয় করে। উপকূলীয় পরিবারের ঘরবাড়ির নিরাপত্তা ও আয়ের নিশ্চয়তার সঙ্গে সুন্দরবনের সুস্থতা নিবিড়ভাবে সম্পর্কিত। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি উপকূলের বিদ্যমান ম্যানগ্রোভ সংরক্ষণ, প্রাকৃতিক পুনর্জন্মে সহায়তা এবং খাল পুনর্বাসনের মাধ্যমে উপকূলীয় সুরক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

জলবায়ু অর্থায়নের প্রসঙ্গে ড. সাইমুম পারভেজ জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) আরাইজ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের লক্ষ্যে বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুতের জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে, যেখানে উপকূল সুরক্ষা ও ম্যানগ্রোভ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৈঠকে ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট ক্ষেত্র প্রস্তাব করা হয়। এগুলো হলো—ম্যানগ্রোভ পুনরুদ্ধারে নিয়োজিত দল ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বন পুনরুদ্ধার ও ব্লু কার্বন পর্যবেক্ষণে সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি তৈরি এবং দুই বা ততোধিক সদস্যদেশের অংশগ্রহণে অর্থায়নযোগ্য যৌথ প্রকল্প প্রস্তুত করা। একই সঙ্গে বাংলাদেশের প্রণয়নাধীন জাতীয় কার্বন বাজার কাঠামো ও পরিকল্পিত জাতীয় রেজিস্ট্রির কথা উল্লেখ করে তিনি কার্বন ক্রেডিটের ক্ষেত্রে দ্বৈত গণনা প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সুফলের ন্যায্য বণ্টন নিশ্চিত করার তাগিদ দেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত ৪৭টি সদস্যদেশের জোট 'ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেট' বিশ্বব্যাপী ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধারে কাজ করছে। এবারের বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাক আল শামসি, ইন্দোনেশিয়ার উপপরিবেশমন্ত্রী দিয়াজ ফয়সাল মালিক হেন্দ্রোপ্রিয়োনো, মালদ্বীপের পরিবেশমন্ত্রী থোরিক ইব্রাহিম এবং বেলজিয়ামের জলবায়ু ও পরিবেশবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত উইলেম ভ্যান ডি ভোর্দেসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।