রাজধানীর রমনা থানা এলাকায় ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীনের বাসভবনের ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।