প্রয়োজনীয় সংখ্যক বিচারকের অভাবে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম চরমভাবে স্থবির হয়ে পড়েছে। মাত্র চারজন বিচারক দিয়ে বর্তমানে ২১টি ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সচল রাখতে হচ্ছে। অন্যদিকে, জেলা ও দায়রা জজ আদালতের ছয়টি গুরুত্বপূর্ণ বিচারালয়েও বিচারকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিচারক স্বল্পতার কারণে প্রতিদিন জেলার সাতটি উপজেলা থেকে আসা প্রায় পাঁচ হাজারের বেশি বিচারপ্রত্যাশী দিনভর অপেক্ষা করে শুনানি ছাড়াই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
জামালপুর আদালত সূত্রে জানা গেছে, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট ১০ জন বিচারক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চারজন—যাঁদের মধ্যে রয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং দুজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। দীর্ঘদিন ধরে সিনিয়র জুডিসিয়াল ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মোট ছয়টি পদ শূন্য থাকায় এই চারজনকেই ১০টি বিচারিক আদালত, জেলার সাতটি উপজেলার সাতটি আমলি আদালত এবং দ্রুত বিচার, বিশুদ্ধ খাদ্য, বন ও বিদ্যুৎ আদালতসহ মোট ২১টি আদালতের দায়িত্ব পালন করতে হচ্ছে।
একইভাবে জেলা ও দায়রা জজ আদালতেও ২৪ জন বিচারকের পদের বিপরীতে সরিষাবাড়ী সিনিয়র সিভিল জজ, বকশীগঞ্জ ও ইসলামপুর সিভিল জজ, দ্বিতীয় সিভিল জজ এবং পারিবারিক আদালত-১ ও ২—এই ছয়টি গুরুত্বপূর্ণ আদালতে কোনো বিচারক নেই। পর্যায়ক্রমে আদালত বসিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে জামিন শুনানি, চার্জ গঠন ও সাক্ষ্যগ্রহণ শেষ করা সম্ভব হচ্ছে না। ফলে বেড়েই চলেছে মামলাজট।
সরেজমিনে দেখা যায়, আদালত চলাকালীন দিনগুলোতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে গড়ে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষ সকালে আদালতে এসে সারাদিন অপেক্ষা করে কোনো শুনানি না পেয়েই বাড়ি ফিরছেন। এতে একদিকে যেমন যাতায়াত ও আনুষঙ্গিক খরচ বাড়ছে, অন্যদিকে বিচারপ্রার্থীরা চরম মানসিক ও আর্থিক সংকটের মুখে পড়ছেন। দীর্ঘদিন ধরে ঘুরেও কাঙ্ক্ষিত বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামান গামা জানান, বিচারক স্বল্পতার কারণে অসংখ্য বিচারাধীন মামলার অগ্রগতি পুরোপুরি থমকে আছে। এই সংকট নিরসনে দ্রুত বিচারক পদায়নের জন্য জেলা ও দায়রা জজের পক্ষ থেকে ইতিমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বলেন, প্রায় ১০ মাস ধরে এই সংকট অব্যাহত রয়েছে। এতে বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ ও কর্মঘণ্টা অপচয় হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে এবং দ্রুত এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।