ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও অলিগলি পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চান মিয়া বেপারীর নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রতিনিধি দল নলভোগ, ফুলবাড়িয়া, ভাবনার টেক, চন্ডালভোগ এবং চুরঙ্গাটেকসহ ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে দেখেন। এ সময় তাঁরা সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ফ্যাসিস্ট সরকারের দোসরদের যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে স্থানীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে দমাতে অতীতে বহু নির্যাতন ও নৈরাজ্য চালানো হয়েছে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরহস্তে প্রতিহত করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের পাশে থাকতে বিএনপি নেতাকর্মীরা সব সময় প্রস্তুত রয়েছেন।

উক্ত পরিদর্শন কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।