ময়মনসিংহে নির্মাণ খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ খাতের বিদ্যমান বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে ‘Implementation of Strategic Compliance Planning (SCP) Piloting in Construction Sector: Overcome Challenges Together, Shifting Reality to Expectation’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা) এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপ-মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষসহ নির্মাণ খাতের বিভিন্ন পর্যায়ের অংশীজনরা সেমিনারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) লেবার ইন্সপেকশন বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন এবং টেকনিক্যাল অফিসার ওলে রোজেনবর্গ জাস্টেনসেন (Ole Rosenborg Justesen)।
সেমিনারে বক্তারা নির্মাণ খাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৌশলগত কমপ্লায়েন্স পরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও ঝুঁকি হ্রাস এবং পেশাগত নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে আশাবাদ ব্যক্ত করা হয়।