ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রেঞ্জের অধীনে নতুন ‘রেঞ্জ রিজার্ভ ফোর্স’ (আরআরএফ) গঠনের অনুমোদন দিয়েছে সরকার। নতুন এই ইউনিটের জন্য ২৮০টি নতুন পদ সৃষ্টি এবং আটটি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত (TO&E) করার সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)-এর সার্বিক তত্ত্বাবধানে রেঞ্জ পুলিশের সাংগঠনিক সম্প্রসারণের এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সরকারি নথিপত্র অনুযায়ী, গত ২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন উপসচিব তানভীর-আল-নাসীফ। পরবর্তীতে গত ১৭ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে উপসচিব কাজী লুতফুল হাসানের স্বাক্ষরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র পাঠানো হয়েছে।
অনুমোদিত ২৮০টি পদের মধ্যে একজন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), একজন পুলিশ সুপার (এসপি), দুজন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি), চারজন পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পাঁচজন এসআই (নিরস্ত্র), ১২ জন এসআই (সশস্ত্র), দুজন এএসআই (নিরস্ত্র), ২০ জন এএসআই (সশস্ত্র), ২০ জন নায়েক এবং ২০০ জন কনস্টেবল রয়েছেন। এ ছাড়া প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সহকারী, স্টেনোগ্রাফার, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বিক্রয় সহকারী, ওজনদার ও অফিস সহায়ক পদও সৃষ্টি করা হয়েছে।
নতুন ইউনিটটির জন্য অনুমোদিত আটটি যানবাহনের তালিকায় রয়েছে একটি জিপ, দুটি ডাবল কেবিন পিকআপ, একটি তিন টনের ট্রাক, একটি পাঁচ টনের ট্রাক, একটি বাস এবং দুটি মোটরসাইকেল।
মঞ্জুরি আদেশে উল্লেখ করা হয়েছে, এ-সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি ও বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। নতুন আরআরএফ গঠনের ফলে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের জনবল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি পাবে, যা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও জোরদার ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।