যশোরের প্রাণ ভৈরব নদীকে রক্ষা করতে হলে শুধু আলোচনা কিংবা সভা-সেমিনামে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ডাঃ উষা। তিনি বলেছেন, নদীকে বাঁচাতে হলে শুধু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আলোচনা করলে চলবে না, বরং নদীর পাড়ে গিয়ে সরেজমিন বাস্তব পরিস্থিতি উপলব্ধি করতে হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলন, ঢাকার পক্ষ থেকে মনি আঙ্কেলের যশোর আগমনকে কেন্দ্র করে ভৈরব নদীর দূষণ, দখল ও সংরক্ষণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে ডাঃ উষা বলেন, “ভৈরব বাঁচলেই যশোর বাঁচবে, নদী বাঁচালে দেশ বাঁচবে।” একই সঙ্গে তিনি পৃথিবীর আর কোনো দেশের নামের আগে ‘নদীমাতৃক’ বিশেষণ ব্যবহৃত হয় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন এবং বাংলাদেশের নদী ও পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
নদীর পাড়ে সভা করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, যারা ভৈরব নদী নিয়ে কাজ করতে চান, তাঁরা যেন অন্তত পাঁচ মিনিট নদীর পাড়ে দাঁড়িয়ে সেখানকার বাস্তব পরিস্থিতি ও দুর্গন্ধ অনুভব করেন। বর্তমান শীতের আমেজে এসি রুমের পরিবর্তে নদীর পাড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পরিবেশের দুরবস্থা দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে একদিকে যেমন ভিটামিন ডি গ্রহণ করা সম্ভব হবে, অন্যদিকে নদীর প্রকৃত চিত্রও চোখের সামনে ভেসে উঠবে।
ডাঃ উষা আক্ষেপ প্রকাশ করে বলেন, যে নদীর পাড়কে মানুষ ময়লা-আবর্জনা ফেলা কিংবা শৌচাগার হিসেবে ব্যবহার করছে, সেখানে মাত্র পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকাও আজ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। নদীকে বাঁচাতে হলে সবার আগে নদীর প্রতি মানুষের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।
বিশ্লেষকদের মতে, ভৈরব নদীর সংকট কেবল একটি নদীর সংকট নয়; এটি যশোরের পরিবেশ, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে জড়িত। নদীর পানিদূষণ রোধ, পাড়ে বর্জ্য ফেলা বন্ধ এবং অপরিকল্পিত ব্যবহার রোধে প্রশাসনসহ পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ জরুরি। শুধু দিবস পালন বা ব্যানার-ফেস্টুনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই কেবল ভৈরব নদীকে রক্ষা করা সম্ভব।