বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে সিন্ডিকেটের সমস্যা প্রকট আকার ধারণ করায় কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ বা স্থগিত করে রেখেছিল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে অর্থ আত্মসাৎ করেছে। এসব অনিয়ম ও প্রতারণার কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল অথবা কমিয়ে দিয়েছিল।
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি তুলে ধরে তারেক রহমান জানান, কয়েকদিন আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন যে মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। এর ফলে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারী আমলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গেও সরকারের আলোচনা চলছে এবং কয়েকটি দেশ গাড়িচালকসহ বিভিন্ন খাতে নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনার বিষয়ে সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রণোদনার জন্য এই অর্থ কোথা থেকে আসবে, তা স্পষ্ট নয়। সংসদ সদস্য বিষয়টি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের চেষ্টা করা যেতে পারে। পাশাপাশি প্রতারক সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান উল্লেখ করেন, দালালদের খপ্পরে পড়ে অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে গিয়ে নিখোঁজ হচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কত কর্মী যাবে এবং অভিবাসন ব্যয় কত হবে তা নির্ধারণ ও প্রকাশ করলে সাধারণ মানুষ জমি বিক্রি বা ঋণের বোঝা থেকে রক্ষা পাবে এবং স্বল্প আয়ের মানুষের সন্তানরাও স্বল্প খরচে বিদেশে যাওয়ার সুযোগ পাবে।