আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) এই শোডাউনের মাধ্যমে আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অবরোধ কর্মসূচির বিরুদ্ধে নিজেদের কঠোর সাংগঠনিক অবস্থানের জানান দেন তাঁরা।

শোডাউনটি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের পুরাতন গরুহাটা থেকে শুরু হয়ে থানার মোড় ও নয়াবাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মোটরসাইকেল বহরটি কাছিকাটা বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়।

শোডাউনে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব ও মো. রিপন শিং, সিনিয়র সদস্য মো. ইসরাফিল শেখ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাসুদ রানা প্রামানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শামীম আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা। এ ছাড়া গুরুদাসপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহম্মেদ এবং যুগ্ম আহ্বায়ক আলিম প্রামাণিকসহ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে স্লোগান দেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজপথে সরব থাকার ঘোষণা দেন।