‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’—হোয়াটসঅ্যাপে এমন একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন চার বছরের শিশু আসফিয়া জাহান নূরের মা মেহেরুননেসা। কিছুক্ষণ পর পাঠানো দ্বিতীয় ভয়েস মেসেজে তিনি জানান, ‘আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি।’
কর্মস্থলে থাকা বাবা আশরাফুল হক ইমন মোবাইল ফোনে স্ত্রীর পাঠানো সেই বার্তা শুনে তাৎক্ষণিক বাসায় ছুটে যেতে না পেরে বাড়িওয়ালাকে ফোন করে মেয়ের খোঁজ নিতে অনুরোধ করেন। বাড়িওয়ালা বাসায় গিয়ে যা দেখলেন, তা ছিল এক বাবার জীবনের সবচেয়ে ভয়াবহ খবর; চার বছরের আসফিয়ার নিথর দেহ পড়ে রয়েছে এবং তার মা বলছেন—মেয়েকে তিনি মেরে ফেলেছেন।
রাজধানীর রামপুরার বনশ্রীর একটি বাসায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চার বছরের শিশু আসফিয়া জাহান নূরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মা মেহেরুননেসার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করে পুলিশ।
শিশুটির দূরসম্পর্কের স্বজন ফরিদা ইয়াসমিনের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ সুবিধা ব্যবহার করে স্বামী আশরাফুল হক ইমনকে দুটি ভয়েস মেসেজ পাঠান। প্রথমটিতে তিনি বলেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি।’ আর দ্বিতীয়টিতে জানান, ‘আমি তোর মাইয়ারে মাইরা ফেলাইছি।’
বার্তা শোনার পরপরই স্বামী ইমন তাদের বাসার বাড়িওয়ালা এমদাদুল হককে ফোন করে স্ত্রী এমন কথা জানিয়েছেন বলে জানান এবং দ্রুত বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। বাড়িওয়ালা বাসায় পৌঁছালে মেহেরুননেসা নিজেই তাকে জানান, ‘আমার মেয়েকে আমি মেরে ফেলেছি, আমাকে পুলিশে ধরিয়ে দিন, যা ইচ্ছা তাই করুন।’ এরপর বাড়িওয়ালা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্বজন ফরিদা ইয়াসমিন জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। বিয়ের প্রথম বছর সংসার ভালো কাটলেও পরবর্তী পাঁচ বছর ধরে নানা বিষয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। দুই পরিবারের সদস্যরা একাধিকবার বসে তাদের বিরোধ মীমাংসার চেষ্টা করলেও কিছুদিন পর আবারও তাদের মধ্যে ঝামেলা শুরু হতো। ফরিদার অভিযোগ, মেহেরুননেসা অতিরিক্ত রাগ ও অভিমানের বশে প্রায়ই স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। পারিবারিক এই বিরোধের এমন নির্মম পরিণতিতে ছোট্ট শিশুটিকে হারাতে হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।
শিশুটির বাবা আশরাফুল হক ইমন একটি কাপড়ের দোকানে কাজ করেন। সীমিত আয়ের এই পরিবারের একমাত্র সন্তান ছিল এই আসফিয়া।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ বনশ্রীর ওই বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ওই বাসায় স্বামী, স্ত্রী ও সন্তান তিনজনই থাকতেন এবং তাদের মধ্যে দীর্ঘদিনের দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে দাম্পত্য কলহের জেরে শিশুটিকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টার তথ্যও উঠে এসেছে। এর আগেও মেহেরুননেসা আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে শিশুটির বাবা পুলিশকে জানিয়েছেন।
এদিকে ময়নাতদন্ত শেষে আসফিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।