ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে ‘পরিবার ও বংশ শেষ করে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে এ হুমকিমূলক বার্তা পাঠানো হয়। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মুঠোফোন নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে বার্তা পাঠানো হয়। ওই নম্বরের প্রোফাইলে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম লেখা ছিল।

শুরুতে ইংরেজিতে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা দেওয়া হয়। এরপর হুমকি দিয়ে লেখা হয়, ‘তুমি যদি তোমার আগের কাজ চালিয়ে যাও, তাহলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব।’

পরবর্তী বার্তায় সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’

অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে লেখা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সর্বশেষ বার্তায় কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দিয়ে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এ বিষয়ে শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, গত বুধবার রাতে পুলিশ সদস্যদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দেওয়ার সময় তিনি এসব বার্তা পান। দায়িত্ব পালনে বাধা দিতে একটি গোষ্ঠী এমন চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এসব হুমকিতে তিনি ভীত নন এবং পেশাগত দায়িত্ব পালন করে যাবেন।

নম্বরটি প্রসঙ্গে ওসি বলেন, এটি দেশ থেকে বা বিদেশ থেকে—যেকোনো জায়গা থেকেই ব্যবহৃত হতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনাই বেশি। বিদেশি নম্বর হওয়ায় এটি শনাক্ত করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

এদিকে, এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ আর এম মোজাফফর হোসেন জানান, বিষয়টি তাঁর জানা নেই এবং এই প্রতিবেদকের কাছ থেকেই তিনি প্রথম শুনেছেন। এ নিয়ে ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।