যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (২১ নভেম্বর) পালিত হতে যাচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। ফজরের নামাজ শেষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
শুক্রবার (২০ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
শনিবার সকালে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।
পরে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর জন্য নির্ধারিত কার্যালয়ে তিন বাহিনী প্রধানদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বাহিনী প্রধানেরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন এবং শুভেচ্ছা স্মারক বিতরণ করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক সচিবসহ সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো বেলা ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য নিকটস্থ ঘাটে নোঙর করা থাকবে।
এ ছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে ‘বিশেষ অনির্বাণ’ এবং শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতারে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠানটি পর্যায়ক্রমে বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও প্রচারিত হবে। দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।