অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন।
২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই সফরে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি মালয়েশিয়াতেও প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
এই সফরে ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা।
সফর শেষে আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতার দেশে ফেরার কথা রয়েছে।