সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গুলশান-২-এ অবস্থিত নগর ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। বিআইজিআরএস-এর ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় দিবসের প্রতিপাদ্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।
সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা শহরের অনেক ফুটপাত দখল হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডিএনসিসি ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা পথচারীদের জন্য নিরাপদ করার পদক্ষেপ নিয়েছে। কেউ যেন অবৈধভাবে ফুটপাত দখল করে পথচারীদের ঝুঁকিতে ফেলতে না পারে, সে জন্য গণমাধ্যমসহ সব নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম জানান, ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড়গুলো নিরাপদ করার পাশাপাশি জেব্রা ক্রসিং অঙ্কন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। সড়কে গতিসীমা মেনে গাড়ি চালাতে জনসচেতনতামূলক প্রচারণারও উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিআইজিআরএস-এর ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ ট্রাফিক আইন মেনে চলা, ব্যস্ত সড়কে অতিরিক্ত গতি পরিহার, নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা এবং অসুস্থ প্রতিযোগিতা এড়িয়ে নিরাপদে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান।
ডিটিসিএ-এর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান বলেন, ঢাকায় পথচারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে ডিটিসিএ একটি নীতিমালার খসড়া প্রণয়ন করেছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, গুলশান জোন) মো. জিয়াউর রহমান জানান, সড়ক নিরাপত্তায় ডিএমপি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন পর্যবেক্ষণে এআই ক্যামেরা বসানো হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০-ফিট সড়কে গতিসীমা লঙ্ঘনে জরিমানা করায় চালকদের মধ্যে গতিসীমা মেনে চলার প্রবণতা বেড়েছে।
ব্র্যাকের রোড সেফটি প্রকল্পের (জিআরএসপি) টিম লিডার খালিদ মাহমুদ সড়ক নিরাপদ করতে বিশ্বব্যাপী স্বীকৃত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ বাস্তবায়নে দ্রুত আইন প্রণয়নের দাবি জানান। মূল প্রবন্ধে ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন নিহতদের স্মরণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা এবং সবার সম্মিলিত দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও আহতদের পরিবারের সদস্যরা তাঁদের মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরেন। ২০২৪ সালের ৯ অক্টোবর বাড্ডায় দুই বাসের প্রতিযোগিতায় নিহত শিক্ষার্থীর বাবা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম সাইফুল ইসলাম বলেন, এভাবে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। এ ছাড়া দুর্ঘটনায় ছোট ভাইকে হারানো স্টেপস-এর নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী খসড়া সড়ক নিরাপত্তা আইনটি দ্রুত পাসের দাবি জানান এবং দুর্ঘটনায় গুরুতর আহত বড় বোনের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরে গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান কেএনকেএস সংস্থার নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ।