উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময়ের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয় এ সম্মেলনের আয়োজন করছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বছরব্যাপী রজতজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকসহ দুই শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক প্রতিনিধিরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় স্বাগত অনুষ্ঠান ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরেস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আয়দিন, জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) পরিচালক এবং সিআইএফএএল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ. মেজিয়া এবং ডিআইইউর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান।

সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এদিন মূল প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি কয়েকটি প্যানেল আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, নারীর ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনারের আয়োজন রয়েছে। এ ছাড়া সম্মেলন উপলক্ষে ডিআইইউতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার ব্যবহারিক প্রয়োগ ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার নানা উদ্যোগ তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সম্মেলনের শেষ দিন শনিবার (২১ নভেম্বর) ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে বিভিন্ন আলোচনা, ক্যাম্পাস পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ‘ঐতিহ্যের হাট’ আয়োজন করা হবে। পাশাপাশি ‘ওপেন সায়েন্স, এআই, অ্যান্ড দ্য ফিউচার অব অ্যাকাডেমিক রিসার্চ’ শীর্ষক প্যানেল আলোচনা এবং সমান্তরাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে আইএইউপির মহাসচিব অধ্যাপক তাতসুরো তানিওকা বক্তব্য দেবেন এবং ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল ধন্যবাদ জ্ঞাপন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আইএইউপির প্রথম সম্মেলন ১৯৬৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্ব এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। সংশ্লিষ্টদের মতে, ঢাকায় আয়োজিত এ সম্মেলন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী-শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা ও একাডেমিক অংশীদারত্বের নতুন দ্বার উন্মোচন করবে।