গত কয়েক সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগিসহ কয়েক ধরনের মাছের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে গরু ও খাসির মাংসের দামে বাজারভেদে পার্থক্য দেখা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচা ও বাসাবো বালুরমাঠ কাঁচাবাজার ঘুরে দামের এ চিত্র পাওয়া যায়।
বাজার ঘুরে দেখা গেছে, আজ ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের ডজন দুই বাজারেই ১৪০ টাকা। তবে গরু ও খাসির মাংসের দামে পার্থক্য রয়েছে। সেগুনবাগিচা বাজারে গরুর মাংস ৮৫০ টাকা ও খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বাসাবো বালুরমাঠ বাজারে গরুর মাংস ৮২০ টাকা ও খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। অর্থাৎ দুই বাজারে গরুর মাংসে কেজিতে ৩০ টাকা এবং খাসির মাংসে ৫০ টাকার পার্থক্য রয়েছে।
ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নভেম্বরের প্রথম ও মাঝামাঝি সময়ে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সে তুলনায় আজ ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা এবং সোনালি মুরগির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। এ ছাড়া নভেম্বরের প্রথম সপ্তাহে লাল ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা থাকলেও তা কমে বর্তমানে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও কয়েক ধরনের মাছের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। শুক্রবার বাজারে তেলাপিয়া ও পাঙাশ মাছ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৮০ টাকা কেজি দরে, যা গত কয়েক সপ্তাহে ৩৮০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত ছিল। এ ছাড়া সামুদ্রিক বাইলা ও পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা এবং লইট্যা মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশি মাছের দাম এখনো চড়া; টেংরা মাছ ৬০০ টাকা, কই মাছ প্রকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা এবং শিং মাছ প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, মুরগি ও চাষের মাছের দাম কিছুটা কমায় ক্রেতারা সাময়িক স্বস্তি পেলেও গরু, খাসি ও দেশি মাছের উচ্চমূল্যের কারণে সামগ্রিক বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি।