ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। পরে নতুন ইঞ্জিন যুক্ত করে প্রায় আড়াই ঘণ্টা পর শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। হঠাৎ ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নতুন একটি ইঞ্জিন পাঠানো হয়। পরে সেটি যুক্ত করে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও জানান, ইঞ্জিন বিকল হওয়ার কারণে ময়মনসিংহ-জামালপুর রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।