নাটোর: সড়কে শৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তায় দিনরাত দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। অথচ নাটোরে তাদের কর্মস্থলেই নেই নিরাপদ পরিবেশ। প্রায় ১৩৩ বছরের পুরোনো জরাজীর্ণ ভবনে চলছে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কার্যালয় ও ট্রাফিক বিভাগের দাপ্তরিক কার্যক্রম। ভবনের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে, দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। কার্যালয়ের সীমানাপ্রাচীরের বিভিন্ন অংশে ফাটল ধরে হেলে পড়েছে। একই অবস্থা পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাকেরও। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
নাটোর শহরের কান্দিভিটা এলাকায় সদর হাসপাতালসংলগ্ন স্থানে অবস্থিত কার্যালয়টি। সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার চিহ্ন রয়েছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে অফিসকক্ষে পানি পড়ে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র ও কম্পিউটারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, পুলিশ সদস্যদের থাকার ব্যারাকেও বৃষ্টির পানি ঢুকে বিছানাপত্র ও কাপড়চোপড় ভিজে যায়।
কার্যালয়ের সীমানাপ্রাচীরের অবস্থাও নাজুক। বিশেষ করে সদর হাসপাতালসংলগ্ন সড়কের পাশের প্রাচীরের বিভিন্ন অংশে ফাটল ধরে হেলে পড়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন রোগী, স্বজন ও সাধারণ পথচারীসহ অসংখ্য মানুষ চলাচল করেন। ফলে প্রাচীরটি ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা রিনা বলেন, আমি এখানে সাত-আট মাস ধরে পুলিশ সদস্যদের জন্য রান্নার কাজ করছি। ভবনটির ইট ও অন্যান্য অংশ অনেক পুরোনো হয়ে গেছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে বলে ভয় হয়। সরকার যদি এটি সংস্কার করে দিত, তাহলে পুলিশ সদস্যদের পাশাপাশি আমরাও নিরাপদে থাকতে পারতাম।
শহরের মল্লিকহাটি এলাকার বাসিন্দা সিয়াম বলেন, এটি নাটোর সদর হাসপাতালের পাশের ট্রাফিক অফিস। এখান দিয়ে প্রতিদিন অনেক রোগী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। অফিসের সীমানাপ্রাচীরের অবস্থা খুবই খারাপ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের দাবি, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন দ্রুত প্রাচীরটি সংস্কার করেন অথবা নতুন করে নির্মাণের উদ্যোগ নেন।
কার্যালয়ের কম্পিউটার অপারেটর পুলিশ সদস্য বিশারদ আলী বলেন, ভবনটি অনেক পুরোনো। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ভেতরে প্রবেশ করে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে যায়। এমনকি কম্পিউটার রুমে পিসি ও মনিটরের ওপরও বৃষ্টির পানি পড়ে। ভবনটি সংস্কার করা হলে আমাদের কাজের পরিবেশ অনেক ভালো হতো।
নাটোর ট্রাফিকে কর্মরত এটিএসআই মোহাম্মদ মতিউর রহমান বলেন, আমাদের ব্যারাকটি দীর্ঘদিন ধরেই নষ্ট অবস্থায় রয়েছে। বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে, এতে কাপড়চোপড় ভিজে যায়। ফলে এখানে বসবাস করতে বেশ অসুবিধা হয়। ভবনটির বয়স অনেক হয়েছে। আমরা চাই, এটি মেরামত করে দেওয়া হোক। পাশাপাশি সীমানাপ্রাচীরটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় সেটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার শরিফুল হক বলেন, এটি পুলিশের জন্য একটি বিব্রতকর বিষয়। পুলিশের কিছু স্থাপনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। আমাদের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে দায়িত্ব পালন করছেন। দিনরাত ২৪ ঘণ্টা মানুষের সেবায় কাজ করছেন।
তিনি বলেন, নাটোরে ট্রাফিক পুলিশের জন্য সরকারিভাবে আলাদা কোনো ভবন নেই। বর্তমানে যে ভবনে কার্যক্রম চলছে, সেখানে আগে সদর থানা ছিল। ২০১৩ সালের দিকে সদর থানা নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পর থেকে এখানে অস্থায়ীভাবে ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবনটি ১৮৯৩-৯৪ সালের দিকে নির্মিত। এর অবস্থা অত্যন্ত শোচনীয়। ভবনটি মেরামতের জন্য ইতঃপূর্বে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু ভবনটির অবস্থা এতটাই খারাপ যে, সেখানে মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়নি।
পুলিশ সুপার আরও বলেন, নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত ট্রাফিক কার্যালয়টি অন্য কোনো ভাড়া ভবনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান ভবনটিকে অকেজো বা কনডেম ঘোষণা করে ভেঙে ফেলার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।