

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন ‘জ্বলছে’ বলে মন্তব্য করেছে রাশিয়া।
সোমবার (৬ এপ্রিল) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই সংঘাতের ভৌগোলিক ও অর্থনৈতিক প্রভাব অত্যন্ত ভয়াবহ রূপ নিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকির প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানায় মস্কো। উল্লেখ্য, ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন যে, মঙ্গলবার নাগাদ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।
ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও পেসকভ বলেন, “আমরা লক্ষ্য করছি ওই অঞ্চলে উত্তেজনার মাত্রা বেড়েই চলেছে। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন শুরু করা হয়েছে, এগুলো তারই অত্যন্ত বিপজ্জনক এবং নেতিবাচক পরিণতি। এই সংঘাতের পরিধি বিস্তৃত হওয়ায় বিশ্ব অর্থনীতিও বর্তমানে নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে।”
রয়টার্সের সূত্রমতে, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ক্রেমলিন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে একটি বৈশ্বিক সংকট হিসেবে অভিহিত করেছে।




