বাংলাদেশের তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি পর্যালোচনা ও চলমান অস্থিরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। চলমান উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সহিংসতা পরিহার করে সংলাপ ও শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি এক বিবৃতিতে আইএলও এ আহ্বান জানায়।
বিবৃতিতে ন্যূনতম মজুরি পর্যালোচনার প্রক্রিয়া হিসেবে সরকারের গঠিত ন্যূনতম মজুরি বোর্ডকে সাধুবাদ জানিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, মজুরি নির্ধারণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতার জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অত্যন্ত জরুরি। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং লাখ লাখ শ্রমিক—বিশেষ করে নারীদের কর্মসংস্থানের এই খাতে উপযুক্ত মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও টেকসই শিল্পপ্রতিষ্ঠান নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ও গঠনমূলক সামাজিক সংলাপ অপরিহার্য।
আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন (নম্বর ১৩১) উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ন্যূনতম মজুরি ও এর নিয়মিত সমন্বয় অবশ্যই স্বচ্ছ, তথ্যপ্রমাণ-ভিত্তিক এবং নির্ভরযোগ্য উপাত্তের আলোকে হতে হবে। এ ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতার ওপর মূল্যস্ফীতির প্রভাবসহ শ্রমিক ও তাঁদের পরিবারের চাহিদার বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের টিকে থাকার সক্ষমতার মতো অর্থনৈতিক বিষয়গুলোও গুরুত্ব দিতে হবে।
মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নের জন্য পুরো সাপ্লাই চেইন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত দায়িত্বশীলতার ওপর জোর দিয়েছে আইএলও। সংস্থাটির মতে, দায়িত্বশীল ব্যবসা ও পণ্য কেনার নীতিমালা এমন একটি পরিবেশ তৈরি করে, যা শ্রমিকদের ন্যায্য মজুরি ও কাজের ভালো পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে এই খাতকে টিকিয়ে রাখে।
সংকটময় এই সময়ে সুষ্ঠু শিল্পসম্পর্কের সহায়ক হিসেবে সংগঠনের স্বাধীনতা, সংঘবদ্ধ হওয়ার অধিকার এবং যৌথ দরকষাকষির অধিকারের প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেছে আইএলও। একই সঙ্গে সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, এতে শ্রমিক, ব্যবসা ও শিল্পসম্পর্কের ওপর তীব্র নেতিবাচক প্রভাব পড়ছে। ন্যূনতম মজুরি বোর্ড যাতে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে, সে জন্য সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া মজুরি নীতিমালা আরও কার্যকর করতে বাংলাদেশ সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আইএলও। সংস্থাটি জানিয়েছে, সরকার, মালিক ও শ্রমিক—এই তিন পক্ষের সঙ্গে মিলে সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে এবং নারী-পুরুষের সমতা বিবেচনায় রেখে একটি ‘জাতীয় মজুরি নীতিমালা’ তৈরিতে সহায়তা দিতে তারা প্রস্তুত।