রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ১ ডিসেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অবৈধ সরঞ্জাম খুলে ফেলার জন্য মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, বর্তমানে বাস ও ট্রাকের পাশাপাশি কিছু জিপগাড়িতেও অবৈধভাবে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইল্যান্সারও লাগানো হচ্ছে, যা সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি জনভোগান্তি সৃষ্টি করছে। ১ ডিসেম্বর থেকে অভিযানে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সিটি করপোরেশনের চলমান নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে উচ্চ শব্দ সৃষ্টিকারী অটোরিকশা বা এ ধরনের যানবাহনের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।
সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী, জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত কেবল চার শ্রেণির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো—অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ কোনো বাণিজ্যিক বা ব্যক্তিগত যানবাহনে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা মাল্টি-টোন হর্ন সংযোজন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন বলেন, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত শব্দের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
উচ্চ শব্দের ক্ষতিকর দিক তুলে ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এর ফলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ও হৃদরোগীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, অনুমোদনহীন বিকন লাইট সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করে।
এদিকে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’-এর তফসিল-১ অনুযায়ী এলাকাভেদে শব্দের সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেলের মধ্যে শব্দের মাত্রা সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে।
প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী, কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এ ছাড়া হাইড্রোলিক বা মাল্টি-টোন হর্ন আমদানি, মজুত, বিক্রি ও বাজারজাতকরণের দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।