চট্টগ্রামের মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের একটি টহল ভ্যানে দ্রুতগতির বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে শফিক ও রানা নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চৌধুরীহাট হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে হাইওয়ে পুলিশের একটি টহল ভ্যান চট্টগ্রামমুখী মহাসড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় পেছন দিক থেকে বা দ্রুতগতিতে আসা একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভেতরে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে চৌধুরীহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পুলিশের টহল ভ্যানে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। আহতদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।