

জ্যেষ্ঠ প্রতিবেদক ৩১ ডিসেম্বর ২০২৫
প্রবাসী আয়ের (রেমিট্যান্স) জোরালো প্রবাহ এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়ের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। চলতি ডিসেম্বরের ২৯ দিনেই দেশে ৩০০ কোটি (৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যার ওপর ভর করে গ্রস রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন:
নভেম্বর মাসে আকুর (ACU) বিল পরিশোধের পর রিজার্ভ কমে ৩১.১৪ বিলিয়ন ডলারে নেমেছিল। তবে ডিসেম্বর মাসে প্রবাসীদের পাঠানো ডলারের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এবং ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার সংগ্রহ করায় রিজার্ভে ধারাবাহিকভাবে উন্নতি লক্ষ্য করা গেছে। বর্তমানে যে পরিমাণ ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে, তা দিয়ে অন্তত চার মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে রিজার্ভ প্রথমবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল এবং ২০২১ সালের আগস্টে তা সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। পরবর্তীতে বিশ্ববাজারের অস্থিরতা ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রিজার্ভে টান পড়লেও সরকারের নানামুখী উদ্যোগে পুনরায় তা স্থিতিশীল হতে শুরু করেছে।




